জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি জমি থেকে বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা আলমগীর হোসেন আলম ও তার স্ত্রী মাহবুবা খাতুনকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সুমনের বিরুদ্ধে।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের চক রোয়াইড় গ্রামের আজাদুলের দোকানের সামনে এই ঘটনা ঘটে। তবে একই ঘটনায় অভিযুক্ত আতিয়ার রহমান সুমনও আহত হয়ে চিকিৎসাধীন।
আহত আলমগীর হোসেন আলম রুকিন্দিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। তার দাবি, অবৈধভাবে বালু উত্তোলন এবং এর ফলে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবাদ করায় সুমন ও তার সঙ্গীরা তাকে ও তার স্ত্রীকে ছুরিকাঘাত করেছে। এ ছাড়াও তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আতিয়ার রহমান সুমন। তার পাল্টা দাবি, মাদক কারবারের প্রতিবাদ করায় আলমগীর এবং তার সমর্থকরা তার ওপর হামলা করেছে। তিনি বলেন, আমি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নই এবং চাঁদা দাবির বিষয়টি ভিত্তিহীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোয়াইড় গ্রামের একটি ফসলি জমি খনন করে প্রায় এক মাস ধরে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। বালুবাহী ট্রাক্টর চলাচলের ফলে গ্রামের রাস্তা নষ্ট হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ জানায় এবং পুলিশকেও অবহিত করে। গত সোমবার পুলিশ ট্রাক্টর আটকে দিলেও পরে আবারও চলাচল শুরু হয়। এই বিষয় নিয়ে শনিবারে ইউনিয়ন বিএনপির নেতাদের উপস্থিতিতে একটি বৈঠক হওয়ার কথা ছিল।
ঘটনার বিষয়ে রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াত বলেন, শনিবার বৈঠকের কথা ছিল, কিন্তু তার আগেই দুই পক্ষ বিবাদে জড়িয়েছে। আমরা বিষয়টি নিয়ে বিব্রত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন, আলমগীরের মাথায় এবং তার স্ত্রীর বাম চোখের পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আতিয়ার রহমান সুমনের হাতে আঘাত লেগেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
আক্কেলপুর থানার ওসি মেহেদী হাসান মাসুদ জানান, ছুরিকাঘাতের ঘটনার বিষয়ে তিনি শুনেছেন, তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




