Dhaka Mail Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছরের কিশোর গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ এএম

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে তিন বছর বয়সী এক শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় হৃদয় বর্মন নামে ওই কিশোরকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। অসুস্থ শিশুটিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাতে বীরগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে হৃদয় বর্মনকে গ্রেফতার করা হয়। সে ওই উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলি রথবাজার এলাকার বৈশাখু বর্মনের ছেলে। ঘটনার সময় সে ভূল্লীতে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবারের অভিযোগ, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভূল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি নরেশ মেম্বার পাড়া এলাকায় শিশুটিকে বাড়ির পেছনের নির্জন স্থানে নিয়ে যায় হৃদয়। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানান। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভূল্লী থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুর পরিবার। পরে পুলিশ অভিযান চালিয়ে বীরগঞ্জ থেকে হৃদয় বর্মনকে গ্রেফতার করে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. মঞ্জুরুল আলম বলেন, শুক্রবার দুপুরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা ভালো রয়েছে।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি