জেলা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৬, ০৮:১১ এএম
পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলের ধাক্কায় নিখিল ভৌমিক (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহীসহ আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজারসংলগ্ন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখিল ভৌমিক উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মৃত প্রমথ ভৌমিকের ছেলে।
আহতরা হলেন— মোটরসাইকেলের চালক সজিব, আরোহী ইসমাইল ও অপর পথচারী সাইফুল ইসলাম। তারা কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় পাখিমারার হাট থেকে নিত্যপ্রয়োজনীয় বাজার করে বাড়ি ফিরছিলেন নিখিল ভৌমিক। পথে কুয়াকাটাগামী একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেক পথচারীকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিখিল ভৌমিককে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/টিবি