Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি

০২ অক্টোবর ২০২৬, ০২:২০ পিএম

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ সাতজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে নগরীর বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্বগন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীরা রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাস জামালপুর যাচ্ছিল। পথে বাসটি বাইপাস সড়কের বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্বগন্দ্রপা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাসকান্দা বাইপাসগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা চালকসহ সাতজন ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন

রোডক্র্যাশে বেশি হতাহত তরুণরা, সড়ক নিরাপত্তা আইন দাবি

বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, ৯ লাখ টাকায় আপস

ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর বাস ও সিএনজি অটোরিকশাটি ঘটনাস্থলে জব্দ রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/জেবি