জেলা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ এএম
চাঁদপুরের মতলব ব্রিজে পিকআপভ্যান ও অজ্ঞাত একটি ছয় চাকার (ট্রলি) গাড়ির সংঘর্ষে অহিদুল ইসলাম (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপভ্যান মতলব দক্ষিণের দিকে যাচ্ছিল। পিকআপভ্যানটি মতলব ব্রিজে ওঠার পর বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ছয় চাকার ট্রলি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানের চালকের পাশের আসনে থাকা অহিদুল গুরুতর আহত হন। তার মাথায় মারাত্মক আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরে অ্যাম্বুলেন্সে করে অহিদুলকে ঢাকার উদ্দেশে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজার এলাকায় তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত অহিদুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে।
অহিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ছেংগারচর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঘনিয়ারপাড় গ্রামের বাসিন্দা নূর নবী মোল্লা। তিনি আহত অহিদুলকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।
এদিকে দুর্ঘটনার পর ছয় চাকার গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ফলে তাৎক্ষণিকভাবে ওই গাড়ির চালক বা মালিকের পরিচয় জানা যায়নি।
মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুর রহমান বলেন, দুর্ঘটনার পর ছয় চাকার গাড়িটির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস