বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ঢাকা

মায়ের সঙ্গে অভিমান: বাসা থেকে বের হয়ে লাশ হয়ে ফিরলেন ২৩ বছরের নাসিম

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

শেয়ার করুন:

মায়ের সঙ্গে অভিমান: বাসা থেকে বের হয়ে লাশ হয়ে ফিরলেন ২৩ বছরের নাসিম
নিহত নাসিম। ছবি: ঢাকা মেইল

মায়ের সঙ্গে অভিমান করে বাসা থেকে বের হয়েছিলেন ২৩ বছর বয়সী হাবিবুল্লাহ শেখ ওরফে নাসিম। কিন্তু আর জীবিত ফেরা হয়নি তার। পরদিন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশ থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বুধবার  সকালে মরদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে নেওয়া হয়। এ সময় হাসপাতালের বাইরে নিহতের পরিবার ও স্বজনরা আহাজারিতে ভেঙে পড়েন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভিক্টোরিয়া হাসপাতালের সামনে নিহতের মা নাজমা বেগম জানান, মঙ্গলবার রাতে সামান্য ভুল-বোঝাবুঝির জেরে তার সঙ্গে অভিমান করে নাসিম বাসা থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় বাইরে থেকে ঘরে তালা দিয়ে যান। পরদিন সকালে পুলিশের মাধ্যমে ফোন পেয়ে তারা নাসিমের মরদেহ উদ্ধারের খবর জানতে পারেন।

নাজমা বেগম বলেন, আমার ছেলে কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিল না। আমি আমার সন্তান হত্যার সুষ্ঠু বিচার চাই, যেন আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।

নিহতের স্বজন ও বোনজামাই ইখলাস খান ইমরান জানান, নাসিম দেওভোগ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। তিনি বাবার সঙ্গে কাজ করার পাশাপাশি নিয়মিত নামাজ পড়তেন। তার দাবি, নাসিম অত্যন্ত নম্র স্বভাবের ছিলেন।

ইখলাস খান ইমরান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

এর আগে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস) চেঙ্গাইন এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার প্রায় ৩০০ মিটার দক্ষিণে সড়কের পাশ থেকে নাসিমের মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ। তার বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। নিহত হাবিবুল্লাহ শেখ ওরফে নাসিম নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার মোশারফ হোসেন ও নাজমা বেগমের ছেলে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর