Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীবাসীর কষ্ট লাঘবে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন আজ

জেলা প্রতিনিধি

০১ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পিএম

দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় ফেনীতে এক হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে নেওয়া মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীতে এবারই তার প্রথম সফর।

সরকারি সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরের শুরুতে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন তিনি।

এক হাজার ৫৪২ কোটি টাকার এ প্রকল্পটি ফেনীর মুহুরী ও কহুয়া নদীকেন্দ্রিক বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যার ক্ষয়ক্ষতি কমানো, কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন এবং নদীতীরবর্তী এলাকার সুরক্ষায় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, সামাজিক সুরক্ষা ও কৃষি সহায়তার কর্মসূচিও রয়েছে। ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে কৃষকদের সহায়তা কার্যক্রমও থাকবে।

এ ছাড়া সফরকালে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সরকারি বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ধর্মীয় সেবাদানকারীদের সম্মানি ভাতা কার্যক্রম নিয়েও আনুষ্ঠানিকতা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শিহাব আহাম্মেদ জানান, এক হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনঃবাসন (১ম পর্যায়)’ কাজ শুরু হতে যাচ্ছে। একনেকে অনুমোদিত এই মেগা প্রকল্পের অধীনে প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, সাড়ে ৮৩ কিলোমিটার নদী পুনঃখনন, সাড়ে ১১ কিলোমিটারের বেশি নদীর তীর প্রতিরক্ষা কাজ এবং একটি হাইড্রোলিক এলিভেটেড ড্যাম নির্মাণ করা হবে।

ঐতিহাসিকভাবে প্রেক্ষাপট বিবেচনায় ফেনীর ১২২ কিলোমিটার এ বাঁধের সূচনা হয়েছিল বেগম খালেদা জিয়ার হাত ধরে তার প্রথম শাসনামলে। আর এবার সেই প্রকল্পের আধুনিকায়ন ও বিস্তৃত রূপ নিয়ে নতুন বাঁধের সূচনা হতে যাচ্ছে তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে। ১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রকল্পের ঐতিহাসিক উদ্বোধন ফেনীবাসীর জন্য নতুন আশার বার্তা বয়ে আনবে।

ফেনীর পরশুরাম ও ফুলগাজীসহ বন্যাপ্রবণ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা— টেকসই বাঁধ, কার্যকর পানি নিষ্কাশন এবং উন্নত সেচব্যবস্থা। এক হাজার ৫৪২ কোটি টাকার প্রকল্পের বাস্তবায়ন সেই প্রত্যাশা পূরণে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।

ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রতিনিধি/এফএ