শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করবেন না: সাবেক ধর্ম উপদেষ্টা

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ এএম

শেয়ার করুন:

ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করবেন না: সাবেক ধর্ম উপদেষ্টা

সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, ওয়াজের ময়দানে হাদিয়ার জন্য জবরদস্তি করা যাবে না। টাকা বড় বিষয় নয়; সম্মান ও ইজ্জতের দিকে খেয়াল রাখতে হবে। কে বেশি টাকা দিল, কে কম দিল; সেদিকে কখনো নজর দেওয়া যাবে না। কারণ আমরা দাঈ ইলাল্লাহ। এ কথা সর্বাবস্থায় মনে রাখতে হবে। তবে সাহেবে দাওয়াতগণ অবশ্যই বিষয়টি খেয়াল করবেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ফেনীতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ‘আকাবিরের চিন্তা, দাওয়াতের মানহাজ ও তারুণ্যের প্রস্তুতি’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসাইন বলেন, ‘আমরা যারা দ্বীনের দাঈ, জেলে যেতে হলেও যাব। তারপরও কোনো দাঈকে দাওয়াত থেকে বিরত রাখা যাবে না। দাওয়াতের পথ থেকে ফেরার কোনো সুযোগ আমাদের নেই।’

তিনি আরও বলেন, ‘ওয়াজের মাঠে কেরামতের বিষয়ে আলোচনা কমিয়ে আজগুবি কথা না বলে মানুষকে বাস্তব বিষয়গুলো বেশি করে শোনাতে হবে। কথা বলার সময় কামেল আমল সম্পর্কে বলতে হবে, যা সাধারণ মানুষ চেষ্টা করলে পারবে। কোরআন ও হাদিসের রেফারেন্স মানুষের সামনে তুলে ধরতে হবে। ওয়াজের মঞ্চে হাসি-গল্প না করে মানুষকে আমলের বিষয়ে সচেতন করতে হবে। মঞ্চে কারো সমালোচনা করা যাবে না।’

ফেসবুক প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেসবুকে আজ আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছি। দ্বীনের দাঈরা কখনো কারো বিরুদ্ধে প্রচারণা চালাতে পারে না।’

সাবেক ধর্ম উপদেষ্টা বলেন, ‘আগামীতে দ্বীনের দাঈদের দেশের দায়িত্ব নিতে হবে। বর্তমান দুনিয়ার বিষয়ে খোঁজখবর রাখতে হবে। আগামী পাঁচ বছর আমাদের সামনে বড় সময়। এ সময়ে মানুষের সঙ্গে থাকুন, তাদের প্রয়োজন বুঝুন। মানুষের জন্য কাজ করতে পারলে তারা ভোটের মাঠে তার প্রতিদান দেবে। না হলে ওয়াজের মাঠ জনসমুদ্রে পরিপূর্ণ হলেও মানুষের জন্য কাজ না করে ভোট চাইতে গেলে পাঁচ হাজারের বেশি ভোট পাওয়া যাবে না।’

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা ইউসুফ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ফরীদ উদ্দীন আল মোবারক, বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টারের পরিচালক মুফতী শামসুদ্দোহা আশরাফী এবং উজানী কারী ইবরাহিম রহ.-এর প্রপৌত্র মুফতী ওমর ফারুক ইব্রাহিমী।

ফেনী জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে ফেনীর বিশিষ্ট আলেম-ওলামা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর