জেলা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম
বরিশালের গৌরনদীতে এক ছাত্রকে মারধর করে কান ধরে ওঠবস করানো এবং শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে লিপন শরীফ নামের এক যুবদল নেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ দণ্ড দেন। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল।
দণ্ডপ্রাপ্ত লিপন শরীফ নাঠৈ গ্রামের বাদশা শরীফের ছেলে এবং জেলা যুবদলের সাবেক সদস্য। তার বিরুদ্ধে শিক্ষার্থীদের হয়রানি ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণেরও অভিযোগ রয়েছে।
বুধবার সকালে উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা লিপন শরীফকে বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন বলেন, দীর্ঘদিন ধরে লিপন শরীফ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিরতির সময় তিনি কোনো কারণ ছাড়াই দশম শ্রেণির এক ছাত্রকে মারধর করেন। পরে ওই ছাত্রকে বিদ্যালয়ের মাঠে নিয়ে কান ধরে ওঠবস করান। এ সময় কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী প্রতিবাদ করলে লিপন তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক।
প্রধান শিক্ষক বলেন, এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা লিপন শরীফের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় লাঠি হাতে লিপন বিদ্যালয়ে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমকে জানানো হয়। পরে ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান থানা-পুলিশের সদস্যদের নিয়ে বিদ্যালয়ে যান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ছাত্রীদের উদ্দেশে শ্লীলতাহানিকর কথা বলা, ছাত্রদের ওপর অপরাধমূলক বলপ্রয়োগ এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় লিপন শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, দণ্ডপ্রাপ্ত লিপন শরীফকে বুধবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
তবে লিপন শরীফ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায়ই ক্লাস ফাঁকি দিয়ে এলাকায় ঘোরাফেরা করত। বিষয়টি শিক্ষকদের জানিয়ে প্রতিকার না পাওয়ায় মানবিক দিক বিবেচনা করে নিজের সন্তানের মতো ভেবে শিক্ষার্থীদের শাসন করতে গিয়েছিলেন। এ কারণে তিনি নিজেই দণ্ডিত হয়েছেন।
প্রতিনিধি/এসএস