বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় নিখোঁজের ৬ দিন পর কক্সবাজারের হোটেল থেকে দুই কিশোরী উদ্ধার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় নিখোঁজের ৬ দিন পর কক্সবাজারের হোটেল থেকে দুই কিশোরী উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ দুই কিশোরীকে ছয় দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

উদ্ধার হওয়া দুই কিশোরী হলো চৌদ্দগ্রামের কাশিনগর এলাকার বসন্তপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে মাহিমা ইসলাম মাহি (১২) এবং যুগিরকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে তানিসা আক্তার (১৪)।

পুলিশ জানায়, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে মাহিমা ও তানিসা কাশিনগর এলাকার আল-আমিন মহিলা মাদরাসায় যাওয়ার উদ্দেশে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। তবে তারা মাদরাসায় পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরে চৌদ্দগ্রাম থানায় পৃথক দুটি নিখোঁজ ডায়েরি করেন।

বিষয়টি জানার পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় তাদের সন্ধানে কার্যক্রম শুরু করে পুলিশ। চৌদ্দগ্রাম মডেল থানা-পুলিশ ও কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অনুসন্ধান চালায়।

অনুসন্ধানের একপর্যায়ে কিশোরী দুটির অবস্থান কক্সবাজারে শনাক্ত করা হয়। পরে কক্সবাজার ডিবি পুলিশের সহায়তায় সমুদ্রসৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরী দুজন জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারে চলে যায়।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে উদ্ধার হওয়া দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর