Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে শেখ হাসিনার জন্মদিন উদযাপন, ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্রদল

জেলা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

নাটোরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন নিয়ে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল রানাকে আটক করে পুলিশে দিয়েছেন বনপাড়া পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বনপাড়া পৌর বাজারের প্রধান সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন নিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের একটি দল সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। মঙ্গলবার বিকেলে বনপাড়া বাজারে মাঝগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল রানাকে দেখতে পেয়ে আটক করেন বনপাড়া পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বনপাড়া পৌর ছাত্রদলের নেতারা জানান, আওয়ামী সরকারের আমলের বিভিন্ন অপকর্ম ও সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে কার্যক্রম চালাতে চেয়েছিল অভিযুক্ত ছাত্রলীগ নেতা। গোপন সংবাদে তাকে আটক করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক রুবেল রানাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আগের কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না তা যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ