Dhaka Mail Logo

সারাদেশ

ধর্ষণ ও ডাকাতি মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

বরিশালে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের মামলার প্রধান আসামি ফারুক ভূঁইয়া (৪০) এবং পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত মিটু শেখকে (৫২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ বরিশাল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসআরবি-৮ বরিশালের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠুর পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে এসব তথ্য জানা গেছে।

গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সকালে বাবুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ফারুক ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। তিনি হিজলা উপজেলার চর ছয়গাঁও গ্রামের আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফারুক ভুক্তভোগী তরুণীর পাশের গ্রামের বাসিন্দা। বাড়িতে আসা-যাওয়ার সুযোগে তিনি বিভিন্ন সময় তরুণীকে কুপ্রস্তাব দিতেন। এর ধারাবাহিকতায় গত ১ মার্চ ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, বর্তমানে ওই তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা।

অভিযোগ রয়েছে, পরে ভুক্তভোগীর অসহায়ত্বের সুযোগ নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে হিজলা থানায় মামলা করেন। ওই মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ফারুককে গ্রেফতার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন...‘ স্লোগান

অন্যদিকে, পিরোজপুর সদর থানায় করা একটি ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত মিটু শেখকে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসআরবি-৮ বরিশালের নেতৃত্বে গঠিত যৌথ আভিযানিক দল সোমবার দিবাগত মধ্যরাতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মিটু শেখ গোপালগঞ্জের মানিকদাহ গ্রামের এলাহী শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় এমরান শেখের বাড়িতে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। তারা দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি ও গুরুতর জখম করে। পরে স্বর্ণালংকার, স্মার্টফোন, পাওয়ার ব্যাংক ও নগদ টাকাসহ প্রায় ৪ লাখ ৭৩ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় এমরান শেখ (৩০) বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ডাকাতি মামলা করেন। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মিটু শেখকে গ্রেফতারে অভিযান চালানো হয়।

গ্রেফতারের পর মিটু শেখকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার সকালে ঢাকা মহানগরীর পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস