মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তদন্তে কমিটি

বিএনপির মিছিলে স্লোগান- ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন...’

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

বিএনপির মিছিলে স্লোগান- ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন...’
বিএনপির মিছিল। ছবি: ঢাকা মেইল

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের নামে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা বিএনপি।

এ ঘটনায় গলাচিপা উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ খান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখতে মঙ্গলবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দলীয় শৃঙ্খলা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার আমখোলা বাজারে ‘১ নম্বর আমখোলা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠন’-এর ব্যানারে এই সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ হয়। 

মিছিলের ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং গলাচিপা উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি শাহজাহান খানের ছবি ছিল। 

এছাড়া ব্যানারে লেখা ছিল— ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে ‘এই লড়াইয়ে জিতবে কারা— শহীদ জিয়ার সৈনিকেরা’ স্লোগানের পর ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেওয়া হয়। পরবর্তীতে ‘যুবদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ বলেও স্লোগান দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ওই কর্মসূচিতে আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান গাজী, সদস্যসচিব আল মামুন সরদার এবং গলাচিপা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান ইমরানসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে উপস্থিত থাকা গলাচিপা পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান ইমরান জানান, তিনি সোমবার পটুয়াখালী জেলা শহর থেকে নিজ উপজেলায় ফিরছিলেন। আমখোলা চৌরাস্তায় পৌঁছালে ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আল মামুন সরদার তাকে মিছিলে অংশ নেওয়ার অনুরোধ জানান এবং তিনি তাতে যোগ দেন। 

তার ভাষ্যমতে, মিছিল চলাকালে পেছন থেকে কে বা কারা যুবলীগ-ছাত্রলীগের নাম উল্লেখ করে স্লোগান দেয়।

এ বিষয়ে বক্তব্য জানতে আমখোলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আল মামুন সরদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তবে বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন বলে দাবি করেছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান গাজী। তিনি বলেন, তারা দলীয় স্লোগান দিয়েই মিছিল করেছেন। পরবর্তীতে কে বা কারা যুবলীগ-ছাত্রলীগের নাম ধরে স্লোগান দিয়েছে, তা তিনি লোকমুখে শুনেছেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর