Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পৌনে ৭ কেজি হেরোইন উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বসতবাড়ি থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মেহেদী হাসান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। অভিযানের সময় আল-মামুন (৪০) নামের তার এক সহযোগী পালিয়ে যান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার মেহেদী হাসান ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। পলাতক আল-মামুনও একই এলাকার বাসিন্দা।

এসআরবি-৫ এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুরুল কবির পিয়াল, এএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে এসআরবি-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ দল মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালায়। এসআরবির উপস্থিতি টের পেয়ে আল-মামুন সেখান থেকে পালিয়ে যান। পরে মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

নোয়াখালীতে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে মেহেদী হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির খড়ি রাখার ঘর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসআরবির দাবি, বিক্রির উদ্দেশে হেরোইনগুলো মেহেদী হাসান নিজের হেফাজতে রেখেছিলেন।

এসআরবি আরও জানায়, মেহেদী হাসান ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় মেহেদী হাসান ও পলাতক আল-মামুনকে আসামি করে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস