Dhaka Mail Logo

সারাদেশ

জামালপুরে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থীর অনশন

জেলা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

জামালপুরে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় ৫১ জন প্রার্থী অনশন কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের বারান্দায় অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

অনশনকারীরা জানান, জামালপুর জেলায় সহকারী শিক্ষক পদে ১৩৬ জন প্রার্থী চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। তাদের মধ্যে প্রথম ধাপে ৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। পরে দ্বিতীয় ধাপে গত সোমবার আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। ফলে এখনো ৫১ জন নিয়োগপত্র পাননি।

আরও পড়ুন

মৌলভীবাজারে বাদ পড়া ৬৭ শিক্ষক পেলেন নিয়োগপত্র

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষক তানভীর রহমান বাপ্পারাজ বলেন, ‘আমরা নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। কিন্তু অন্যরা নিয়োগপত্র পেলেও আমরা এখনো তা পাইনি। আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে। নিজ যোগ্যতায় এতদূর এসেও নিয়োগ না পাওয়ায় আমরা হতাশ। আজকের মধ্যে আমাদের নিয়োগ দেওয়া হোক। তা না হলে এখান থেকে আমাদের লাশ বের হবে।’

da8f6532-2f1c-420a-87c0-84c210ce0458

মাদারগঞ্জের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থী মীর আফিফা সুলতানা বলেন, ‘চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় আমরা হতাশ। আশপাশের সব জেলায় নিয়োগ দেওয়া সম্পন্ন হয়েছে। কিন্তু আমাদের কেন নিয়োগ দেওয়া হচ্ছে না, তা জানি না। নিয়োগপত্র না দেওয়া পর্যন্ত আমরা এই কার্যালয়ে আমরণ অনশন চালিয়ে যাব।’

এ বিষয়ে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী এহসান বলেন, ‘এই ৫১ জন প্রার্থীর নথি নিয়ে আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে গিয়ে কাজ করছি। বিষয়টি নিয়ে অধিদফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে একটি ফলাফল আসবে।’

প্রতিনিধি/এসএস