Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে গুলিবিদ্ধ হয়ে নিহত হাসান হত্যা মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে নিহত হাসান শেখ (৪৫) হত্যা মামলার আসামি রাশেদুল শেখকে (২৬) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৬)

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন যশোর (এসআরবি-৬) এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রাশেদুল শেখ উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের তৈয়েবুর শেখের ছেলে।

এসআরবি সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদ পেয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে হাসান শেখ হত্যা মামলার এজাহার নামীয় ৬ নম্বর আসামি রাশেদুল শেখকে মাগুরার শালিকা থানার ব্রাহ্মণখালী এলাকা থেকে গ্রেফতার করেছে যশোর ক্যাম্পের এসআরবি সদস্যরা। পরে তাকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়।

মামলার এজাহার ও পুলিশ জানায়, আবেদ আলী ও সোহেল মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। তার জেরে গত বুধবার সকালে সোহেল মেম্বার, আবেদ আলী শেখের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় দুই পক্ষের ১১ জন গুলিবিদ্ধ হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। এরপরে আহতদের উদ্ধার করে খুলনা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার সোহেল মেম্বারের পক্ষের হাসান শেখ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে হাসান শেখ মারা যান। পরে রোববার (২৭ সেপ্টেম্বর) নিহতের ভাই হোসেন শেখ বাদী হয়ে নড়াগাতী থানায় ৩৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার রাশেদুল শেখ ওই মামলার ৬ নম্বর আসামি।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, হাসান শেখ হত্যা মামলার মোট ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/টিবি