Dhaka Mail Logo

সারাদেশ

চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে শিশুকে নির্যাতন, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ এএম

টাঙ্গাইলের মধুপুরে চুরির অভিযোগে জিহাদ নামের ৮ বছরের এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের গুবোদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে শিশুটির নানা বাদী হয়ে মধুপুর থানায় মামলা দায়ের করেছেন। এদিকে, শিশুটিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, নির্যাতিত শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শিশুটির বাবা-মা তাকে ছেড়ে চলে যাওয়ার পর নানা-নানির কাছে থাকে।

স্থানীয়রা জানান, ওই এলাকার মফেজ উদ্দিন (৬০) নামের এক ব্যক্তির দোকানে যায় শিশু জিহাদ। পরে দোকান থেকে টাকা চুরির অভিযোগে প্রকাশ্যে মারধর শুরু করে দোকানদার। একপর্যায়ে খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করে। খবর পেয়ে শিশুর নানা গ্রামবাসীর সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, নির্যাতনের ঘটনায় শিশুটির নানা মফিজুল ইসলাম বাদী হয়ে মফেজ উদ্দিনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি