Dhaka Mail Logo

সারাদেশ

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন, গ্রেফতার ৭

জেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল ও কেক কাটা কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব ঘটনায় টুঙ্গিপাড়া থেকে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে জেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। আওয়ামী লীগ নেতা বিএম ইউনুস ভূঁইয়ার নেতৃত্বে মিছিলটি হয়। পরে নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে কেক কাটেন।

এসময়ে জোবায়ের ইসলাম ঝন্টুর নেতৃত্বে রেললাইন এলাকায় এবং গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকায় পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে আরেকটি মিছিল বের করা হয়। এ সময় রঙিন ধোঁয়া উড়িয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। পরে সড়কের ওপর অবস্থান নিয়ে কেক কেটে জন্মদিনের কর্মসূচি পালন করেন তারা।

এদিকে, শহরের আবু সাঈদ সড়ক থেকে সদর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ রাকিবুল ইসলাম রাবিদের নেতৃত্বে আরও একটি মিছিল বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়।

এ ছাড়া, গোপালগঞ্জ শহরের গাবতলা এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ খানের নেতৃত্বে লগি-বৈঠা হাতে নিয়ে একটি মিছিল করা হয়। তিনি মিছিলটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

পুলিশ জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে টুঙ্গিপাড়া উপজেলায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়। পরে সোমবার তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে।

জেলাজুড়ে এসব ঝটিকা মিছিল ও কেক কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ সংগঠনের মিছিল করার অপরাধে টুঙ্গিপাড়া থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

প্রতিনিধি/এলএ