জেলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে লাথির আঘাতে আনোয়ার হোসেন আনার (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আবু তাহের ভুট্টো নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহত আনোয়ার হোসেন আনার কুকরাইল গ্রামের মড়লবাড়ির ফজলুল হকের ছেলে। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দেওখোলা ইউনিয়নের কুকরাইল মন্ডলবাড়িতে এ ঘটনা ঘটে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কুকরাইল গ্রামের দুই বন্ধু আলহাজ মিয়া ও জিহাদের মধ্যে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া নিয়ে বিরোধ হয়। রোববার সন্ধ্যায় দেওখোলা বাজারের রূপালী রাইসমিল মাঠে এ নিয়ে ঝগড়ার সময় আলহাজ মিয়া জিহাদকে মারধর করেন।
পরে রাতে আলহাজ মিয়া, ফাহাদ ও জয় নামের কয়েকজন দেওখোলা বাজারে জিহাদকে রড দিয়ে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ খবর পেয়ে রাত ১০টার দিকে আহত জিহাদের দাদা সাইফুল তার শ্বশুরবাড়ি একই গ্রামের মন্ডলবাড়িতে যান। সেখানে আনারসহ কয়েকজন ফাহাদ ও পারভেজকে ডেকে এনে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় আবু তাহের ভুট্টো সেখানে উপস্থিত ছিলেন। নিজেদের ছাড়িয়ে নিতে ফাহাদসহ কয়েকজন আনোয়ার হোসেনকে মারধর করেন বলে অভিযোগ। একপর্যায়ে ফাহাদ আনোয়ারের অণ্ডকোষে জোরে লাথি দিয়ে পালিয়ে যান। এতে আনোয়ার ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ীয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে আবু তাহের ভুট্টোকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
প্রতিনিধি/এসএস