Dhaka Mail Logo

সারাদেশ

সিরাজগঞ্জে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে সীমান্তবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার, তিন রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ। এ সময় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাকসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রেফতার নাসিম হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, গত ২৭ সেপ্টেম্বর কাজিপুর থানা-পুলিশ সীমান্তবাজার এলাকায় মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য চেকপোস্ট বসায়। এ সময় বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছিল।

আরও পড়ুন

বাবাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার

 

রাত একটার দিকে দুজন আরোহীসহ একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পেছনের আরোহী মোটরসাইকেল থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যান। পরে মোটরসাইকেলচালক নাসিম হোসেনকে আটক করে তল্লাশি করা হয়। তার কোমর থেকে একটি রিভলবার ও ম্যাগাজিনে লোড করা তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের ব্যবহৃত ইয়ামাহা এফজেড মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার নাসিম হোসেন ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনের ১৮৭৮-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় কাজিপুর থানায় মামলা হয়েছে। গ্রেফতার নাসিমকে আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নাসিমের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পলাতক ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস