জেলা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
মুন্সিগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত দুই সেনাসদস্যসহ সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে র্যাবের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, লোগোযুক্ত আইডি কার্ড, খেলনা পিস্তল ও ইলেকট্রিক শক মেশিনসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার (আজ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—শরীয়তপুরের ফরহাদ হোসেন (৪০), নওগাঁর চাকরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন (৩০), রাজবাড়ীর চাকরিচ্যুত সেনাসদস্য সার্জেন্ট মিজানুর রহমান (৪১), বরগুনার আব্দুল আলীম (৩২), মাগুরার সাকিবুর জামান মেহেদী (২৬), ভোলার মেহেদী হাসান সুজন (৩৫) এবং মাইক্রোবাসচালক বরগুনার আবু হানিফ (৩২)।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে শ্রীনগর উপজেলার হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলসহ সাতজনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা র্যাব সদস্য পরিচয়ে শ্রীনগর বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে প্রায় দেড় কেজি স্বর্ণালংকার লুটের পরিকল্পনা করেছিলেন। ওই ব্যবসায়ী স্বর্ণ নিয়ে মুন্সিগঞ্জ সদরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন—এমন তথ্য পেয়ে চক্রটি এই ফাঁদ পাতে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় একই কৌশলে ডাকাতি করে আসছিলেন। তারা বাস ও মাইক্রোবাসের যাত্রীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে নিজেদের গাড়িতে তুলে মারধর করে টাকা ও স্বর্ণালংকার লুট করতেন।
পুলিশ সুপার জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/টিবি