Dhaka Mail Logo

সারাদেশ

নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ এএম

মুন্সিগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ ভাই-বোন মারা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিরাজদীখানের বালুচর ইউনিয়নের চসীমউদ্দীন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

নিহতরা হলো— তানিশা ও রায়হান। তাদের বয়স ৮ বছর। তারা কুয়েতপ্রবাসী শরীফ মিয়ার সন্তান। তাদের স্থায়ী ঠিকানা রাজধানীর ডেমরা এলাকায়। তাদের মৃত্যুতে পরিবারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, তানিশা ও রায়হান নানাবাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে বাড়ির পাশের পুকুরে তারা হঠাৎই পড়ে যায়। পরে একপর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত শিশুদের নানা কাশেম মিয়া জানান, পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে একজন পুকুরে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে অপরজনও পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান। এরপর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, নানা বাড়িতে বেড়াতে এসে যমজ ভাই-বোন পানিতে পড়ে মারা গেছে। তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

প্রতিনিধি/টিবি