Dhaka Mail Logo

সারাদেশ

কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাবা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ এএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের বলুহর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— কোটচাঁদপুর পৌরসভার আদর্শ পাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে মাসুদ (৫৭) ও তার ছেলে মামুন (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সকালে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করে ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে কোটচাঁদপুর থানা পুলিশ। ওই মামলার তদন্তের অংশ হিসেবে রোববার দিবাগত রাতে বলুহর বাসস্ট্যান্ড এলাকা থেকে বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার মাসুদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এবং তার ছেলে মামুন পৌর যুবলীগের সদস্য।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেফতার বাবা ও ছেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি