জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কলাবাগানের প্রায় ২ হাজার ৫০০টি অপরিপক্ব কলার থোড় কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষ্মীপুর হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক শহিদুল ইসলাম।
রোববার সকালে স্থানীয় বাসিন্দারা বাগানে গিয়ে কলার থোড় কাটা অবস্থায় দেখতে পান। পরে তারা বাগানের মালিককে খবর দেন।
ক্ষতিগ্রস্ত কৃষক শহিদুল ইসলাম শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি জানান, প্রায় দুই বছর আগে ঋণ ও ধারদেনা করে ৫ লাখ ৫০ হাজার টাকায় লক্ষ্মীপুর হঠাৎপাড়া এলাকার ওমরপুর গ্রামের আব্দুল হাকিমসহ কয়েকজনের কাছ থেকে জমি লিজ নেন। পরে ওই জমিতে কলাবাগান গড়ে তোলেন।
শহিদুল ইসলাম বলেন, গাছগুলোতে কলা ধরেছিল। আর কিছুদিন পরই সেগুলো বিক্রির উপযোগী হতো। কিন্তু শনিবার রাতে দুর্বৃত্তরা বাগানে ঢুকে একে একে প্রায় ২ হাজার ৫০০টি কলার থোড় কেটে দেয়। এতে তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস