জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরিচয় পরিবর্তন করে প্রায় ২৭ বছর ভারত ও কুয়েতে আত্মগোপনে থাকার পর শনিবার রাতে খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু।
গ্রেফতার জয়নাল সরদার বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
এসআরবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পলাতক জয়নালের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। অবস্থান নিশ্চিত হওয়ার পর এসআরবি-৮ ও এসআরবি-৬-এর যৌথ দল শনিবার রাতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় জয়নালকে গ্রেফতার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় জয়নাল সরদারের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। মামলার বিচার শেষে আদালত তাকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া লাশ গুমের অপরাধে তাকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
রায়ের পর দীর্ঘদিন পলাতক থাকায় জয়নালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এসআরবি জানিয়েছে, পরিচয় পরিবর্তন করে তিনি ভারত ও কুয়েতে আত্মগোপনে ছিলেন।
এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু বলেন, জয়নাল সরদার একসময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস