যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক দুই ইউপি সদস্যসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শার্শা থানার এসআই (নিঃ) আশীষ সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন পাড়িয়ার ঘোপ গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে মো. খোরশেদ আলম (৫০), রাড়িপুকুর গ্রামের তফসের আলীর ছেলে শেখ নাজমুল হাসান (৫১), গোপালপুর গ্রামের মৃত সুরত আলীর ছেলে মো. ইমানুর রহমান (৫৩) এবং আমলাই গ্রামের শাহাজান কবিরের ছেলে আবু বকর সিদ্দিক ওরফে হৃদয় (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এফআইআর নম্বর ২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ৩০২ মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমকে ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ১০ মিনিটে তার নিজ বাড়ি থেকে এবং শেখ নাজমুল হাসানকে একই দিন রাত ১১টা ১৫ মিনিটে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ইমানুর রহমানকে ২৭ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিটে এবং আবু বকর সিদ্দিক ওরফে হৃদয়কে রাত ১টা ২০ মিনিটে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান কঠোরভাবে অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে যে বা যারা জড়িত থাকুক, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও বলেন, কোনো অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নেই। শার্শার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার চারজনকে রোববার (২৭ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত আছে।
প্রতিনিধি/এসএস




