জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শসা ক্ষেত বাঁচাতে দেওয়া বৈদ্যুতিক তারের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৪) নামের এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কড়িয়া (লকমা) এলাকার একটি শসা ক্ষেত থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সাকিব হোসেন ওই এলাকার আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কড়িয়া এলাকার কৃষক আবু বক্কর তার শসা ক্ষেতে শিয়ালের উপদ্রব বন্ধ করতে চারপাশ দিয়ে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পেতে রেখেছিলেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সাকিব অসাবধানতাবশত ওই ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। রোববার সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসা ক্ষেতের মধ্যে বিদ্যুতের তারে পেঁচানো অবস্থায় সাকিবের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি