জেলা প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
বগুড়ার কাহালু উপজেলায় এক ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় সড়কের ওপর থেকে একটা ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার বেলঘড়িয়া বড়ইতলা এলাকার ডোবা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তিটি উদ্ধার হওয়া অটোরিকশার চালক। শিশুসহ এক দম্পতি অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে অতিরিক্ত চেতনানাশক খাইয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, রাত ১১টার দিকে তারা উপজেলার বেলঘড়িয়া এলাকা থেকে স্থানীয়দের মোবাইল ফোনে খবর পান, শিশু সন্তানসহ এক নারী তার স্বামীকে খুঁজে পাচ্ছেন না— এমন দাবি করে বেলঘড়িয়া বড়ইতলা গ্রামের রাস্তার পাশে অবস্থান নিয়েছেন। এর কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আবার পুলিশকে জানায়, ওই নারীর স্বামী ফিরে এসেছে এবং তারা এখান থেকে চলে গেছে। ঘটনার সমাধান হয়ে গেছে এমন মনে করে পুলিশ আর পরে সেখানে যায়নি। প্রায় আধা ঘণ্টা পর একই এলাকা থেকে পুলিশের কাছে আবার ফোন আসে, ওই এলাকার একটি ডোবায় কারো মরদেহ পড়ে রয়েছে। রাত ১২টার দিকে কাহালু থানা পুলিশ বেলঘড়িয়া গ্রাম থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে পাশে পড়ে থাকা অটোরিকশাটিও থানায় নিয়ে আসে।
আরও পড়ুন
পুলিশ বলছে, যাত্রী সেজে থাকা ওই দম্পতি অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য হতে পারেন। এরই মধ্যে তাদের পরিচয় নিশ্চিত করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/টিবি