ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ এপ্রিল) বিকেলে জেলার ভাঙ্গা উপজেলার আড়িয়াল খাঁ নদের নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নদীর স্রোতে একটি মরদেহ ভেসে আসে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার ঘাটে। আড়িয়াল খাঁ নদে ভাসমান ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫২ বছর হবে। পরবর্তীতে স্থানীয়রা সরকারের জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ খবর দেয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহের অবস্থা খুবই খারাপ, মুখ থেঁতলে দেওয়া হয়েছে। মুখ দেখে মরদেহ শনাক্ত করার উপায় নেই। নৌ পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
টিবি




