Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় কালভার্টের নিচে মিলল বিদেশি পিস্তল-গুলি

জেলা প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

গাইবান্ধা সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে তিনটার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের শিবপুর সড়কের একটি কালভার্টের নিচ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এসআরবি-১৩-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ২টা ৪৫ মিনিটে গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় শিবপুর সড়কের কালভার্টের নিচে সাদা রঙের প্লাস্টিকের কাটা বস্তার ভেতর একটি লোহার তৈরি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়।

আরও পড়ুন

দৌলতপুরে রাস্তার পাশে পড়ে থাকা ককটেল উদ্ধার

বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্র ও গোলাবারুদগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সেগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এসআরবি-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিল্ব কুমার গোস্বামী বলেন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস