Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত পলাতক

জেলা প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন।

অভিযুক্ত রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়নের কামাল উদ্দিন তালুকদার ওরফে কামাল মেম্বারের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী জন্মগতভাবে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তিনি স্বামী পরিত্যক্তা এবং তার আট মাস বয়সী একটি সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন।

আরও পড়ুন

শেরপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

এজাহারে অভিযোগ করা হয়, গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে প্রতিবেশী আব্দুল আওয়াল ওরফে রবিন ওই নারীকে বাড়ির পাশে একা পেয়ে একটি ঘরে নিয়ে যান। সেখানে তার শারীরিক প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গেলে রবিন পালিয়ে যান। তারা ওই নারীকে উদ্ধার করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শনিবার সকালে বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিয়েছে। ভুক্তভোগী নারীকে পুলিশের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সকালে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত রবিন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস