জেলা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিন্দা ইউনিয়নের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে নতুনবস্তি ও পাছলাড়ুয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনার উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এতে লাঠি ও হাসুয়া দিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষে দুপক্ষের কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এতে উভয়পক্ষের অন্তত ১১জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ রয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ/এআরএম