Dhaka Mail Logo

সারাদেশ

বিরোধীদল অপকর্মে লিপ্ত: এ্যানি চৌধুরী

জেলা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

বিরোধীদল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার পিয়ারাপুর শহীদ মাজহারুল মনি উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি ইমারজেন্সি প্রিপেয়ারডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং—বাপাউবো অংশ)–এর আওতায় ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদা খালের তীর প্রতিরক্ষা বাঁধের কাজ উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ্যানি চৌধুরী বলেন, ‘আমাদের বিরোধীদল এখনো মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেহেশতের টিকিট বিক্রি করে। তারা নাকি আল্লাহর দল, তাদের কাছে নাকি বেহেশতের টিকিট আছে—আর কারও কাছে নেই। নাউজুবিল্লাহ।’

84815

জামায়াত-শিবিরের সমালোচনা করে তিনি বলেন, ‘মোবাইল-ফেসবুক খুললেই তাদের নারীঘটিত ও নারী কেলেঙ্কারির ঘটনা চোখে পড়ে। তারা অপকর্মে লিপ্ত।’

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের প্রসঙ্গ টেনে এ্যানি চৌধুরী বলেন, জামায়াত তাকে দল থেকে বহিষ্কার করলেও ‘মন থেকে বহিষ্কার করেনি’।

আরও পড়ুন

গাজী নজরুলের দ্বিতীয় বিয়ে শরিয়তসম্মত হয়নি!

তিনি আরও বলেন, ‘নারী নিয়ে ধরা খেয়ে তিনি প্রথম স্ত্রীকে দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দিয়েছেন। এখন বিয়ে করার পর ঘরে আগুন লেগেছে। অবশেষে অল্প বয়সী ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এ হচ্ছে বাংলাদেশের বর্তমান বিরোধীদলের কর্মকাণ্ড।’

এ্যানি চৌধুরী বলেন, ‘ফেসবুক খুললেই দেখবেন, যত অপকর্ম, নারী কেলেঙ্কারি ও সামাজিক অবক্ষয়—সব তাদের মধ্যেই আছে।’

বিএনপির এ নেতা আরও বলেন, বিএনপি শপথ নেওয়ার দিন জামায়াত শপথ পাঠে অংশ নেয়নি। অথচ এখন তারা বিএনপি সরকারের সমালোচনা করছে। বিএনপি সরকার গঠন করেছে মাত্র সাত মাস হয়েছে। সাত মাসে সব কাজ করা সম্ভব নয়।

84813

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ্যানি চৌধুরী বলেন, ‘১৯৮৬ ও ১৯৯৬ সালে যেভাবে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে সখ্য গড়ে তুলেছিল, এখন আবার সেই ফ্যাসিবাদের সঙ্গে একসঙ্গে হয়ে আগামী পাঁচ বছর বিএনপি সরকারকে শান্তিতে থাকতে দেবে না।’

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদ্দেশে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘আমি ঠিকাদারদের কাছ থেকে কাজ বুঝে নেব না। আমি কাজ বুঝে নেব সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে। কোনো কাজে অনিয়ম হলে তার জবাব কর্মকর্তাদের দিতে হবে।’

প্রতিনিধি/এসএস