জেলা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর বলেছেন, ‘আধুনিক ও উন্নত সাধারণ শিক্ষার পাশাপাশি প্রকৃত ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত হতে পারলেই একজন মানুষ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। আর সুনাগরিকরাই দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। দেশকে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। ধর্মীয় শিক্ষাই নৈতিক শিক্ষার মূল ভিত্তি। একজন মানুষের নৈতিক বোধ ও মূল্যবোধ জাগ্রত হয় ধর্মীয় শিক্ষার মাধ্যমে।’
তিনি বলেন, ‘নবীন ও তরুণরাই দেশের মূল চালিকাশক্তি। ভাষা আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ দেশ পরিবর্তনের বিভিন্ন বড় আন্দোলনে তরুণদের ভূমিকা ছিল অগ্রগণ্য।’
তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণদের নীতি-নৈতিকতার পথে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় মাদকের কুফল তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘মাদক একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে। মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়েছে। তাই শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।’
তিনি বলেন, ‘সন্ধ্যার পরে আপনার সন্তান কোথায় আছে, খোঁজ নিন। কলেজ ছুটির পর সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে সেদিকেও অভিভাবকদের নজর রাখতে হবে। সন্তানের শিক্ষা জীবনে অভিভাবকরা সর্বদা খোঁজখবর রাখলে তারা বিপথগামী হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাবে।’
প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, ‘একটি সুস্থ ও সুন্দর জাতি গঠনে পরিবার, সমাজ, শিক্ষক-শিক্ষিকা ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে উপজেলা আইন-শৃঙ্খলার সভা ও ফুটবল খেলার পুরস্কার বিতরণ শেষে স্বাধীন তহবিল হতে অনুদান বিতরণ করেন তিনি।
প্রতিনিধি/এএম