জেলা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
লক্ষ্মীপুরের কমলনগরে ২ কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মতিরহাট মাছঘাটে জেলে ফারুক মাঝি মাছটি বিক্রি করেন।
মতিরহাট ঘাটের আড়তদার ইব্রাহীম খোকন জানায়, ঘাট এলাকার স্থানীয় জেলে ফারুক মাঝি এক সপ্তাহ পর বঙ্গোপসাগর থেকে ফিরে প্রায় দেড় লাখ টাকার ইলিশ বিক্রি করেন। যার মধ্যে এই ইলিশটি পৃথকভাবে ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়। ঢাকার মাছ ব্যবসায়ী বাহার মিয়া মাছটি কিনে নেন।
ব্যবসায়ী বাহার মিয়া জানান, তিনি এখান থেকে ইলিশ কিনে ঢাকার বাজারে বিক্রি করেন। বড় ইলিশটি কমপক্ষে ১ থেকে ২ হাজার লাভে বিক্রি করা যাবে। ঢাকার ব্যবসায়ীরাও আরও লাভ করতে পারে। এ রকম বড় সাইজের একটি ইলিশটির দাম ঢাকার বাজারে প্রায় ১৬ থেকে ১৭ হাজার টাকায় বিক্রি হয়ে থাকে।
বাহার মিয়া বলেন, ছোট মাছে কেজি প্রতি লাভ হয় ৫০ থেকে ১০০ টাকা। কিন্তু বড় ইলিশে ভালো লাভ করা যায়।
স্থানীয় আড়তদার আনোয়ার হোসেন জানান, নদীতে ইলিশ কমে গেছে। অন্যদিকে তেলের দাম বৃদ্ধি পাওয়াতে জেলেদের এখন মাছ শিকার কঠিন হয়ে পড়েছে। সাগরের জেলেরা মোটামুটি ইলিশ পায়।
প্রতিনিধি/এএম