জেলা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম
চাকরির পেছনে দীর্ঘ অপেক্ষা না করে দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ-তরুণীরা। কেউ নতুন কিছু শিখে নিজের পায়ে দাঁড়াতে চান, আবার কেউ প্রশিক্ষণ নিয়ে ছোট পরিসরে নিজস্ব উদ্যোগ শুরু করতে চান। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে প্রশিক্ষণ ও সহযোগিতা দিয়ে পাশে দাঁড়িয়েছে ‘বোচাগঞ্জের উদ্যোক্তাবর্গ যুব উন্নয়ন সংস্থা প্রশিক্ষণ কেন্দ্র’।
উপজেলার সেতাবগঞ্জের মিলরোডে গড়ে ওঠা এ প্রশিক্ষণকেন্দ্র তরুণ ও নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরিতে কাজ করছে। প্রশিক্ষণের মাধ্যমে হাতে-কলমে বিভিন্ন কাজ শেখানোর পাশাপাশি নিজেদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আয়মুখী কাজে যুক্ত হওয়ার পথ দেখানো হচ্ছে।
‘চাকরির পেছনে না ছুটে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হই—নিজে স্বাবলম্বী হব, দেশের উন্নয়নে ভূমিকা রাখব’—এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

একসময় অধিকাংশ তরুণের কাছে কর্মসংস্থান বলতে চাকরিই ছিল প্রধান আকাঙ্ক্ষা। তবে সময়ের সঙ্গে সেই ধারণায় পরিবর্তন এসেছে। এখন অনেকেই চাকরির অপেক্ষায় না থেকে নিজেদের দক্ষতা, অভিজ্ঞতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজেই কিছু করার চেষ্টা করছেন। ছোট ব্যবসা, সেবা বা নিজস্ব উদ্যোগের মাধ্যমে নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি অন্যদের জন্যও কাজের সুযোগ সৃষ্টি করছেন অনেকে।
বোচাগঞ্জের এ প্রশিক্ষণকেন্দ্র সেই পরিবর্তনকে এগিয়ে নিতে কাজ করছে। এখানে শুধু কোনো একটি কাজ শেখানো নয়, প্রশিক্ষণার্থীদের শেখানো হচ্ছে কীভাবে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আয়ের পথ তৈরি করা যায়।
প্রশিক্ষণার্থী শ্রাবণী বলেন, “আমি এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য ভর্তি হয়েছি। প্রশিক্ষণের মাধ্যমে নতুন কিছু শিখে নিজে কিছু করতে চাই। ভবিষ্যতে এই দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে চাই। আশা করছি, এই প্রশিক্ষণ আমার স্বাবলম্বী হওয়ার পথ সহজ করবে।”
আরেক প্রশিক্ষণার্থী নিশি বলেন, “এখানে হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাচ্ছি। প্রশিক্ষণ শেষে ছোট পরিসরে হলেও নিজের উদ্যোগে কাজ শুরু করতে চাই। এতে নিজের আয় করার পাশাপাশি পরিবারের জন্যও কিছু করতে পারব।”

বোচাগঞ্জ উদ্যোক্তাবর্গের অ্যাডমিন সিনথিয়া ঝলক বলেন, “বোচাগঞ্জ উদ্যোক্তাবর্গ যুব উন্নয়ন সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রের মূল লক্ষ্য নারী ও যুবসমাজের উন্নয়ন করা। এ কেন্দ্রের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। নারীরা যেন ঘরে বসে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারেন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, সেটিই আমাদের উদ্দেশ্য।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান বলেন, “বোচাগঞ্জ উদ্যোক্তাবর্গ দিনাজপুর জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা যুবসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমাদের যুবসমাজকে মূল অর্থনীতির স্রোতধারায় সম্পৃক্ত করতে উদ্যোক্তা তৈরির কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে বোচাগঞ্জ উদ্যোক্তাবর্গ যুব উন্নয়ন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংগঠনটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং বোচাগঞ্জের যুবকদের উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করি।”
প্রতিনিধি/এসএস