দীর্ঘ দেড় দশক বন্ধ থাকার পর দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে অপারেশন থিয়েটার (ওটি)। চালুর প্রথম দিনেই ইয়াসমিন (৩১) নামের এক প্রসূতির সফল সিজারিয়ান অপারেশন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে নিয়মিত সিজারিয়ানসহ অন্যান্য অস্ত্রোপচার করা হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক ডা. ফারজানা আইরিন প্রসূতি ইয়াসমিনের সিজারিয়ান অপারেশন করেন। তাকে সহযোগিতা করেন এনেস্থেসিওলজিস্ট ডা. জাভেদ সারোয়ার চৌধুরী। নবজাতকের শারীরিক পরীক্ষা করেন শিশু চিকিৎসক ডা. মাহফুজ রায়হান।
দীর্ঘদিন বন্ধ থাকার পর ওটির কার্যক্রম উদ্বোধন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসানসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
উদ্বোধনকালে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, নির্বাচনের আগে বোচাগঞ্জে এসে তিনি ওটি চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার ভাষ্য, দরিদ্র ও অসহায় প্রসূতিদের সন্তান প্রসবের জন্য দিনাজপুর শহরে গিয়ে যাতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করতে না হয়, সে লক্ষ্যেই স্থানীয় পর্যায়ে এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বোচাগঞ্জের মানুষ বোচাগঞ্জে এবং বিরলের মানুষ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা নিতে পারবেন। তার দাবি, দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালুর মধ্য দিয়ে নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে।
গাইনি চিকিৎসক ডা. ফারজানা আইরিন বলেন, প্রথম দিনেই দরিদ্র পরিবারের প্রসূতি ইয়াসমিনের সফল সিজারিয়ান অপারেশন করা হয়েছে। এটি তার তৃতীয় সন্তান। মঙ্গলবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার সিজার করার পরামর্শ দেওয়া হলে তিনি সম্মতি দেন।
ইয়াসমিনের স্বামী মিন্টু বলেন, তিনি এই হাসপাতালেই স্ত্রীর নিয়মিত চেকআপ করিয়েছেন। প্রথমে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হলেও তা সম্ভব না হওয়ায় সিজার করা হয়। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা ভালোভাবে সেবা দিয়েছেন বলেও জানান তিনি।
সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটির কার্যক্রম চালুর মাধ্যমে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর ওটি চালু করা সম্ভব হয়েছে। প্রথম দিনেই সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে। মা ও শিশু দুজনই সুস্থ আছেন।
প্রতিনিধি/এসএস




