Dhaka Mail Logo

সারাদেশ

বরিশালে চুরি করে পালানোর সময় চোরাই মালসহ ভাই-বোন আটক

জেলা প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম

বরিশালের বাবুগঞ্জে সংঘবদ্ধ চুরির ঘটনায় চোরাই মালামালসহ আপন ভাই-বোনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, মুলাদী উপজেলার গাছুয়া গ্রামের আবদুর রহমান সরদারের ছেলে জসিম সরদার (৪০) ও মেয়ে রুমা আক্তার (৩৫)।

আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাতে আগরপুর গ্রামের টিটুর চায়ের দোকান এবং ব্রাহ্মণদিয়া গ্রামের হানিফ হাওলাদার, আরিফ আকন ও আসাদুল ইসলামসহ কয়েকজনের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুন

নোয়াখালীতে ২৮ বোতল বিদেশি মদসহ কারবারি আটক

বুধবার ভোরে টিটুর চায়ের দোকানে চুরির ঘটনায় ধারণ করা সিসিটিভি ফুটেজ দেখে দুই চোরকে শনাক্ত করা হয়। পরে স্থানীয়রা এলাকায় তল্লাশি চালিয়ে এক নারী ও এক পুরুষকে আটক করেন।

আগরপুর গ্রামের বাসিন্দা মো. মিলন জানান, জসিমের কাছ থেকে টিটুর দোকান থেকে চুরি হওয়া একটি ডলার ও নগদ টাকা এবং রুমার কাছ থেকে পাঁচটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পরে স্থানীয়রা তাদের মারধর করে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করেন। পুলিশ তাদের বাবুগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস