জেলা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিশোর গ্যাং পরিচালনা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’সহ চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চনপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্য তিনজন হলেন সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)। এসআরবির দাবি, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ছয়টি লম্বা রামদা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ।
তিনি জানান, শ্রাবণের বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ ১৮টি মামলা রয়েছে। তার নেতৃত্বাধীন গ্যাংয়ে প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
এসআরবির ভাষ্য, রূপগঞ্জ ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে শ্রাবণ ও তার সহযোগীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগকারী ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো এবং অভিযোগের পর হামলার তথ্যও পেয়েছে সংস্থাটি।
এসআরবি জানায়, সম্প্রতি ফল ব্যবসায়ী রনি হত্যা মামলায় শ্রাবণ ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এ ছাড়া গত ১৬ সেপ্টেম্বরের নাদিম অপহরণ মামলায় তাকে এক নম্বর আসামি করা হয়েছে।
গ্রেফতার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস