জেলা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পিএম
পটুয়াখালীর বাউফলে একই সময়ে চার স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাউফল পৌরসভার পাবলিক মাঠ ও উপজেলা পরিষদের সামনের এলাকায় এই ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক মিনিটের ব্যবধানে পর পর চারটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই আকস্মিক শব্দে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার প্রত্যক্ষদর্শী আবু সায়েম জানান, তিনি তখন নিজের দোকানে কাজ করছিলেন। হঠাৎ জোরালো বিস্ফোরণের শব্দ শুনে তিনি দোকান থেকে বাইরে বেরিয়ে আসেন। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

স্থানীয়দের ধারণা, শহরে আতঙ্ক সৃষ্টি করার জন্যই পরিকল্পিতভাবে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। তবে কারা বা কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এদিকে এই ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে বাউফল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।
আরও পড়ুন: গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এজেড