Dhaka Mail Logo

সারাদেশ

সীমান্তে একলাখ ইয়াবা ফেলে মিয়ানমারে পালাল ২ চোরাকারবারি

জেলা প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ এএম

কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা বহনকারী দুই ব্যক্তি ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের আনজুমানপাড়া সীমান্তের ফাইসাখাল এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির বিশেষ টহল দল ও ডিউটি পোস্টে দায়িত্বে থাকা সদস্যরা সীমান্তবর্তী আব্দুর রহমানের ঘের এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ওই দুই ব্যক্তি ব্যাগগুলো ঘটনাস্থলে ফেলে নাফ নদীতে ঝাঁপ দেয়। পরে সাঁতরে তারা মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া পলিব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

প্রতিনিধি/টিবি