জেলা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ এএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ শাহিন সরকার (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেফতার শাহিন সরকারের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগেরপাড়া গ্রামে। অভিযানে তার কাছ থেকে একটি রেডমি নোট ১৫ মুঠোফোন ও একটি সিম্ফনি বিএল১০৪ বাটন মুঠোফোনও জব্দ করা হয়।
অভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল অভিযান পরিচালনা করে। এ সময় নম্বরবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার এসএফ ২৫০ এবিএস মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলচালক শাহিন সরকারের পিঠে ঝোলানো ব্যাগ থেকে সাদা স্কচটেপ ও কালো পলিথিনে মোড়ানো একটি নীল জিপারযুক্ত পলিব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের ভেতর থেকে ২ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এআরএম