Dhaka Mail Logo

সারাদেশ

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পিএম

ফরিদপুরে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া নেতার নাম হেমায়েত হোসেন (৫৫)। তিনি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। হেমায়েত মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাতাগ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোপন খবরে পুলিশের একটি টিম কাগদী বাজারে অভিযান চালায়। এসময় সেখানে অবস্থানরত হেমায়েতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সালথা থানায় বেশ কয়েকটি ধারায় মামলা রয়েছে, যার মধ্যে একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা অন্তর্ভুক্ত।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, বিস্ফোরক একটি মামলায় আসামি হেমায়েত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সহিংসতা ও নাশকতাসহ থানায় আরও একাধিক মামলা বিচারাধীন। গ্রেফতার আসামিকে ফরিদপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ