জেলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হুমায়ুন কবির (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ধরেয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার নয়ভাইপাড়া গ্রামের আতিকুল ইসলামের একমাত্র ছেলে। সে রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ি থেকে সাইকেলে করে ফটোকপি করতে ধরেয়ার বাজারের দিকে যাচ্ছিল হুমায়ুন। পথে জলঢাকা থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে সেটি আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক, চালক ও হেলপারকে আটক করে থানায় নিয়ে যায়।
নিহতের চাচা মানিক মিয়া বলেন, হুমায়ুন তার বাবা-মায়ের একমাত্র ছেলে। সাইকেলে করে বাজারে যাওয়ার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ছেলেকে এভাবে হারিয়ে পরিবারটি ভেঙে পড়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক, চালক ও হেলপারকে থানায় আটক রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস