Dhaka Mail Logo

সারাদেশ

‘ছেলেকে কী জবাব দেব’— নাতিকে হারিয়ে দাদার আহাজারি

জেলা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

সকালে বাড়ির সামনে খেলছিল দুই বছরের শিশু রাইয়ান। কিছুক্ষণ আগেও ছোট্ট পায়ে ছুটে বেড়াচ্ছিল বাড়ির আঙিনায়। পরিবারের সদস্যদের অজান্তে কখন যে পাশের পুকুরে পড়ে যায়, তা কেউ টের পাননি। পরে খোঁজাখুঁজি শুরু হলে পুকুরে ভাসতে দেখা যায় তাকে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি শিশুটিকে।

নাতিকে হারিয়ে এখন বুক চাপড়ে আহাজারি করছেন দাদা আব্দুর রফ ছৈয়াল। তার একটাই প্রশ্ন—প্রবাসে থাকা ছেলেকে কীভাবে এই দুঃসংবাদ দেবেন?

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছৈয়াল বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রাইয়ান ওই এলাকার প্রবাসী রুবেল ছৈয়ালের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে খেলছিল রাইয়ান। পরিবারের সদস্যদের অজান্তে একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন তারা।

পরে স্থানীয়দের সহায়তায় রাইয়ানকে উদ্ধার করে দ্রুত ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাতিকে হারিয়ে শোকাহত দাদা আব্দুর রফ ছৈয়াল বলেন, সকালে বাড়ির পাশেই খেলাধুলা করছিল রাইয়ান। হঠাৎ তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এ সময় বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

আক্ষেপ করে তিনি বলেন, এভাবে আমার নাতি চলে যাবে, এটা কখনো কল্পনা করিনি। আমার প্রবাসী ছেলের কাছে আমি এখন কী জবাব দেব? আমি সবার কাছে আমার নাতির জন্য দোয়া চাই।

মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অজান্তে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছোট শিশুদের প্রতি পরিবারের সদস্যদের আরও নজর রাখার আহ্বান জানান তিনি।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি তারা জানতে পেরেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিনিধি/এলএ