জেলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জে চার মিনিটের ব্যবধানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (২০ সেপ্টেম্বর) ফজরের নামাজের আগে সুন্দরগঞ্জ পৌর শহরের গোপালচরণ এলাকায় এ ঘটনা ঘটে।
সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা জানান, প্রথমে তার বাড়ির সামনে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর স্থানীয় একটি স্কুলের সামনে এবং পরে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
আবু সোলাইমান সরকার বলেন, পরপর তিনটি বিকট শব্দে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আশপাশের অনেক মানুষকে বাইরে দেখতে পান। এ এলাকায় আগে কখনো এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এসএস