রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শার্শায় গোয়ালঘর থেকে তিন ককটেল উদ্ধার, নাশকতার শঙ্কা

উপজেলা প্রতিনিধি, শার্শা (যশোর)
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

শার্শায় গোয়ালঘর থেকে তিন ককটেল উদ্ধার, নাশকতার শঙ্কা

যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামে একটি গোয়ালঘর থেকে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়ার পর সকালে গরু বের করতে গিয়ে বাড়ির লোকজন এসব বস্তু দেখতে পান। ঘটনাটি ঘিরে এলাকায় নাশকতার শঙ্কা তৈরি হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে খামারপাড়া গ্রামের মো. ইউনুস আলীর বাড়ির পাশের আধাপাকা গোয়ালঘর থেকে এসব ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির লোকজন গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে গরু বের করতে গেলে গোয়ালঘরের ভেতরে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ দেখতে পান তারা। ব্যাগের ভেতরে লাল টেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা বিষয়টি স্থানীয়দের জানান।

আরও পড়ুন

নড়াইলে মামলার হাজিরা দিতে এসে অস্ত্রসহ আটক ১১

খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আনিসুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে প্লাস্টিকের ব্যাগে থাকা তিনটি ককটেলসদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় অজ্ঞাত কেউ এসব বস্তু গোয়ালঘরে রেখে যেতে পারে। তবে কে বা কারা এবং কী উদ্দেশে এগুলো সেখানে রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। একই সঙ্গে এগুলো সেখানে কীভাবে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর