Dhaka Mail Logo

সারাদেশ

দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জেলা প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। 

আগুনে ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। বাসটি রাজবাড়ী বাস মালিক সমিতির আওতাধীন থেকে নিয়মিত দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি টার্মিনালে পার্কিং করা অবস্থায় ছিল। হঠাৎ রাত ১টার দিকে স্থানীয় লোকজন বাসটিতে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আশপাশে থাকা অন্যান্য গাড়িতে আগুন ছড়াতে পারেনি।

তবে অগ্নিকাণ্ডে বাসটির কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। একইভাবে আগুন লাগার প্রকৃত কারণ নিয়েও ধোঁয়াশা কাটেনি।

স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও নানা গুঞ্জন চলছে। একাংশের ধারণা, দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে বাসে আগুন দিয়ে থাকতে পারে। আবার অন্য একটি পক্ষের ধারণা, বাসের ভেতরে জ্বালানো কোনো মশার কয়েল বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেও আগুন ছড়িয়ে পড়তে পারে। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বাসে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ