জেলা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন লোহাগড়া উপজেলার চর মল্লিকপুরের মো. ফরিদ শেখ, কাশিপুরের মো. সাজ্জাদুর জামান কচি, নলদীর মো. বাদশা মোল্যা, কাশিপুরের আল আমিন গাইন, গোপীনাথপুরের সাবেক কমিশনার মো. মোজাম খাঁ, লক্ষ্মীপাশার জালাল উদ্দিন বিপ্লব (বিপু), কাশিপুরের জামির হোসেন অপি, পোদ্দারপাড়ার মো. মহাসিন মোল্লা, কলেজপাড়ার সাবেক কমিশনার আনিচুর রহমান আনিচ, কলাগাছির মো. করিম শেখ ও মো. মাহাবুর মোল্যা এবং দাসের ডাঙ্গার মো. আকতারুজ্জামান ফকির।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য ও নাশকতার অভিযোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করে লোহাগড়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশের ভাষ্য, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকা, মিছিলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগাড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের মিছিল, সমাবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস