জেলা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
টাঙ্গাইলের কালিহাতী থেকে ৩০০টি ইয়াবাসহ দুই যুবদল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক রাইজ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার বৃষ্টি হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়া গ্রামের হাছান আলী এবং একই উপজেলার শালদাইর গ্রামের বাসিন্দা ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য মাহমুদুল হাসান।
স্থানীয়দের অভিযোগ, ‘তারা দুজনই ‘জুলাই যোদ্ধা’ এবং উপজেলা আহত জুলাইযোদ্ধা সমিতির নেতা। জুলাইযোদ্ধা পরিচয় ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। বিভিন্ন সময় ওই পরিচয়ের প্রভাব খাটিয়ে প্রশাসনকেও চাপে রাখার চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদে এলেঙ্গার একটি হোটেলসংলগ্ন এলাকা থেকে দুইজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় হাছান আলী ও মাহমুদুল হাসানের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, তারা উপজেলার গাবসারা থেকে ইয়াবা নিয়ে এলেঙ্গায় বিক্রির জন্য ক্রেতার অপেক্ষা করছিলেন। বুধবার আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ভূঞাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলম বলেন, ব্যক্তি অপরাধের রায় দল নেবে না। মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে।
প্রতিনিধি/এলএ